
চাঁপাইনবাবগঞ্জের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চাঁপাই প্রেস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান সভাপতি এবং দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমসেদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা শহরের হুজরাপুর মণ্ডল মার্কেটে অবস্থিত প্রেস ক্লাবের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে নতুন এই কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন। তারা আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদে এই কমিটির দায়িত্ব পালন করবেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।