
কেরানীগঞ্জ উপজেলা ও ঢাকা-২ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বক্তব্যের শুরুতেই আমান উল্লাহ আমান আইন-শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির নামধারী কেউ যদি সন্ত্রাস বা চাঁদাবাজি করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দলীয় নাম ব্যবহার করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, জননিরাপত্তা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে। এসময় তিনি নিজের ও ছেলের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে বলেন, আমাদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে আমান উল্লাহ আমান বলেন, আমরা চব্বিশের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের লক্ষ্য জনগণের সেবক হিসেবে কাজ করা।তিনি গত আঠারো বছর নির্বাসনে থেকে দেশের মানুষের জন্য তারেক রহমানের ত্যাগের কথা স্মরণ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বৈশ্বিক মানে উন্নীত করার ওপর জোর দেন।
প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নে নির্দেশনা
সভায় তিনি জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু জরুরি নির্দেশনা প্রদান করেন।
যানজট নিরসনে ট্রাফিক বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, জনগণের কষ্ট মেনে নেওয়া হবে না। এছাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণেরও তাগিদ দেন।
জনজীবন সচল রাখতে লোডশেডিং কমানো এবং গ্যাসের সরবরাহ বাড়ানোর আহ্বান জানান তিনি।
জলাবদ্ধতা দূর করতে খাল খনন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দেন। সেই সাথে হাটবাজার উন্নয়ন ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধের নির্দেশ দেন।
আন্দোলনে শহীদ রিয়াজের স্মৃতি রক্ষার্থে ‘রিয়াজ চত্বর’ নির্মাণের ঘোষণা দেন তিনি।
উপস্থিত ব্যক্তিবর্গ
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল, মডেল থানা এসিল্যান্ড জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এসিল্যান্ড আফতাব আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগসহ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
Reporter Name 























