
রাজশাহীর মোহনপুর উপজেলার বজরপুর থেকে কালিগঞ্জহাটগামী সড়কের ধুরইল শাহাজিপাড়া অংশের চরম বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী। অবশেষে সেই জনদুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের অনন্য উদ্যোগ কথা জানান মিনারুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুরইল শাহাজিপাড়া সংলগ্ন এ রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছিল। একটু বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ত। স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা চিন্তা করে এক সহৃদয় ব্যক্তি নিজস্ব অর্থায়নে দুই গাড়ি ইট ও এক গাড়ি বালু কিনে নিজ উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা মিনারুল ইসলামের এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় একটি কাজ। তাঁর এই উদ্যোগে সাময়িক ভোগান্তি কমলেও সড়কটির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি।
এ বিষয়ে এলাকাটি পরিদর্শন ও প্রয়োজনীয় টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মোহনপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বস্তরের জনগণ। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করে সড়কটি স্থায়ীভাবে পাকা ও প্রশস্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।