রাজশাহীর মোহনপুরে ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘রেশম চাষী/কৃষক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রেশম সম্প্রসারণ কেন্দ্র, মোহনপুর, রাজশাহীর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী এই অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়ন করে।
আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোঃ তৌফিক আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও রেশম শিল্পের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ তৌফিক আল মাহমুদ বলেন, "বাংলাদেশের রেশম শিল্পের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার রেশম চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।" তিনি চাষীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানসম্মত রেশম উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহিমা বিনতে আখতার বলেন, মোহনপুরের মাটি রেশম চাষের জন্য অত্যন্ত উপযোগী। স্থানীয় চাষীদের সকল ধরনের প্রশাসনিক ও দাপ্তরিক সহযোগিতা প্রদানে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রেশম চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন—
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ও উপসচিব মো: মিজানুর রহমান
উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো: সাইফুল্লাহ
উপ-পরিচালক (নার্সারী) মো: নাসির উদ্দিন
উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা (নার্সারী) মো: আতিকুর রহমান
আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো: তরিকুল ইসলাম
সমাবেশে মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রেশম চাষী ও কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চাষীরা তাদের রেশম চাষকালীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তা মনোযোগ সহকারে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে রেশম চাষীদের মাঝে উন্নত জাতের রেশম গুটি ও প্রয়োজনীয় উপকরণ বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।