
মৌগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন খান। গতকাল ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ জনগণের ঘরে ঘরে যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
এ সময় আয়োজিত এক পথসভায় স্থানীয়দের উদ্দেশ্যে আবুল হোসেন খান বলেন, "জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল রাজনৈতিক অঙ্গীকার। ইতিপূর্বে চেয়ারম্যান হিসেবে যেভাবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম, সেই ভালোবাসার টান থেকেই আজ আপনাদের দ্বারে দ্বারে এসেছি।" সাধারণ মানুষের সঙ্গে এই আন্তরিক যোগাযোগ ও সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
গণসংযোগ ও পথসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সাবেক এই চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে তার বিগত দিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।