
রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির মহানগরীর মালদা কলোনি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল্লাহ ও পারুল বেগমের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সাব্বির দ্বিতীয়। তিনি বিবাহিত এবং তার পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দু’জনই ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিজস্ব প্রতিনিধি 


















