
ভাদ্র-আশ্বিনের স্নিগ্ধতা নিয়ে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে শরতের আবাহন। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা আর রাজশাহী নগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া রূপসী পদ্মার পাড়জুড়ে এখন শুধুই সাদা স্বপ্নের ছোঁয়া। পদ্মার বিস্তীর্ণ চরে বাতাসের দোলায় দুলতে থাকা কাশফুলের শুভ্রতা পুরো পদ্মাপাড়কে এক অন্যরকম রূপকথার রাজ্যে পরিণত করেছে।
প্রতিদিন বিকেল হতেই এই সুমধুর চিম্মতা ও রূপসী প্রকৃতির ছোঁয়া পেতে পদ্মার তীরে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। বিশেষ করে রাজশাহী শহর ও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছোট-বড় কোমলমতি শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে পদ্মাপাড়।
বিকেলের সোনাঝরা রোদ যখন নদীর জলে ও শুভ্র কাশবনে এসে পড়ে, তখন তৈরি হয় এক মনোরম আবহ। শিক্ষার্থীরা বই-খাতার ব্যস্ততা দূরে ঠেলে ছুটে আসছে পদ্মার চরে। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠছে, কেউ শুভ্র কাশবনের মাঝে দাঁড়িয়ে স্মৃতির ফ্রেমে নিজেকে বন্দী করছে ছবি ও ভিডিও তুলে, আবার কেউ কেবলই নদীর হিমেল হাওয়া আর কাশের তোড়ার দোলা দেখে খুঁজে নিচ্ছে অদ্ভুত এক প্রশান্তি।
আই-বাঁধ, টি-বাঁধ ও সিমেন্স পার্ক সংলগ্ন পদ্মার চর ঘুরে দেখা যায়, বন্ধুদের সাথে ঘুরতে আসা শিক্ষার্থীদের হাসিমুখ ও কলকাকলিতে চারপাশ মুখরিত। এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, "পড়াশোনার চাপ ও যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে বিকেলের এই সময়টা আমাদের কাছে স্বপ্নের মতো। নদীর হাওয়া আর সাদা কাশফুলের মধ্যে এলে মন একদম তাজা হয়ে যায়।"
শরতের এই অপরূপ রূপ রাজশাহীবাসীকে যেমন সতেজতা দিচ্ছে, তেমনি শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় পদ্মাপাড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রকৃতির এই সাদা শুভ্রতা যেন সবার মনে ছড়িয়ে দিচ্ছে এক টুকরো অনাবিল আনন্দ।