
রাজশাহীর পবা উপজেলার ৮ নং বড়গাছী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিরস্তইল ডাঙ্গীপাড়া আশ্রয়কেন্দ্র এলাকার প্রধান যাতায়াত রাস্তাটির বেহাল দশায় চরম জনদুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। পর্যাপ্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে আশ্রয়কেন্দ্রের বাসিন্দা সহ আশপাশের ১২টি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তায় সৃষ্টি হয় কাদা-পানির একাকার অবস্থা। খানাখন্দে পানি জমে থাকার কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে দাঁড়ায়। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারী এবং অসুস্থ রোগীরা।
আশ্রয়কেন্দ্রের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার থেকে মাথা গোঁজার ঠাঁই পেলেও যাতায়াতের সুব্যবস্থা না থাকায় আমরা কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছি। হঠাৎ কোনো বড় ধরনের অসুস্থতা বা জরুরি মুহূর্তে এলাকায় অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো ন্যূনতম কোনো সুযোগ এখানে নেই।”
এ অবস্থায় বিরস্তইল ডাঙ্গীপাড়া আশ্রয়কেন্দ্রের ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল তীব্র জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। রাস্তাটি দ্রুত পাকা বা চলাচলের উপযোগী করে সংস্কারের জন্য পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পবা উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ৮ নং বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (LGED) আশু ও সদয় জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিনিধি 





















