
বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ বেআইনিভাবে ঝুলিয়ে রাখার প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম।
গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর আয়োজিত এক বিশাল মানববন্ধনে তিনি কমিশনের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন।
বক্তব্যে ফাতেমা তাসনিম বলেন, আপনারা কোন বাপের ইশারায় বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ দিচ্ছেন না, সেই বাপের নাম জনসম্মুখে প্রকাশ করুন। আপনারা দেখেছেন আমরা শেখ হাসিনার মসনদ ভেঙে দিয়েছি, আপনাদের দুর্নীতির কালো হাতও আমরা ভেঙে দেব। তিনি আরও বলেন, আপনারা ইবলিশ শয়তানের প্রতিচ্ছবি। জনগণের পালস বুঝে কাজ করুন, অন্যথায় আপনাদের মুখোশ উন্মোচন করা হবে।
নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন, আপনারা সাধারণ মানুষকে নিয়ম-নীতি দেখান, অথচ কোন নিয়মে ঋণখেলাপীদের মনোনয়ন বৈধ করেন? লক্ষ লক্ষ তরুণ ভোটার তিন মাস ঘুরেও এনআইডি পাচ্ছে না, অথচ আপনারা শনিবার অফিস খুলে বিশেষ ব্যক্তিদের কার্ড করে দিচ্ছেন।
আগামী ১২ তারিখের মধ্যে নিবন্ধন সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, আপনারা আমাদের রাজপথে নামতে বাধ্য করেছেন। যদি অনুতপ্ত হয়ে দ্রুত নিবন্ধন সনদ না দেন, তবে রাজপথেই আপনাদের বিচার হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।
নেতৃবৃন্দের উপস্থিতি ও দেশব্যাপী কর্মসূচি
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আমজনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ, ঢাকা বিভাগের সংগঠক মাওলানা মোঃ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহজালাল আনসারী, ঢাকা মহানগর উত্তরের সংগঠক মজিবুর রহমান কুদ্দুস প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য, একই দাবিতে গতকাল দেশের বিভিন্ন জেলাতেও একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রাজার পুত্র রাজা, চাষার পুত্র চাষা—এই চাষারাই ফ্যাসিস্ট সরকারকে রুখে দিয়েছিল। বাংলাদেশে আর কাউকে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না।
Reporter Name 














