
পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি মাহিন্দ্রা ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ (২০ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা আনুমানিক ১২ টার দিকে দিনাজপুর জেলার মন্মথপুর ও পার্বতীপুরের মাঝামাঝি ছোটহরিপুর ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন অতিক্রমের সময় মাহিন্দ্রা ট্রাকটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষের পর ট্রেনের যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে আবার তা স্বাভাবিক হয়।
Reporter Name 


















