
রাজশাহী শহরের ব্যস্ততা ও কোলাহল ফেলে একটু শান্তির খোঁজে যারা পদ্মার পাড়ে ছুটে যান, তাদের কাছে টি বাঁধ জেলখানার দক্ষিণ পাশ এবং মুক্তমঞ্চ এলাকা অত্যন্ত প্রিয়। সূর্যাস্তের মনোরম দৃশ্য আর নদীর ঠান্ডা হাওয়ার টানে প্রতিদিন এখানে দর্শনার্থী ও পর্যটকদের ভিড় জমে।
তবে সাম্প্রতিক হঠাৎ বন্যায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে এসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টি বাঁধের চারপাশ ও সংলগ্ন মুক্তমঞ্চ এলাকা পানিতে ডুবে যাওয়ায় স্বাভাবিক চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে যেখানে প্রতিদিন মানুষের আড্ডা ও আনাগোনায় মুখরিত থাকত, সেখানে এখন নীরবতা। নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের আনাগোনা একপ্রকার থমকে গেছে।
পানি প্লাবিত হওয়ায় সাময়িক জনশূন্যতা তৈরি হলেও নদীর এই উত্তাল ও বিশাল রূপ পরিবেশকে দিয়েছে এক ভিন্ন আমেজ। জলের এই বিস্তার, শান্ত বাতাস আর প্রকৃতির রূপ দেখে মনে হয়—‘ছবির চেয়েও সুন্দর বাস্তবতা’।
বন্যার পানি কমে গেলে আবার আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে পদ্মাপাড়ের এই প্রিয় আঙিনায়, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভ্রমণপিপাসুদের।
ডেক্স নিউজ 


















